নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার মুফতি মামুনুর রশিদ কাসেমীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার, ২৪ নভেম্বর ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন।
এর আগে রবিবার বিকেল ৩টায় তার সাবেক স্ত্রীর করা মামলায় ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকার নিজ বাসা থেকে মুফতি কাসেমীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কাসেমীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং জামিন শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন।
গত শুক্রবার কাসেমীর সাবেক এক স্ত্রীর পক্ষে তার মামী কেরানীগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, মামুনুর রশিদ কাসেমী এক নারীকে বিয়ে করার পর সংসার করেন। পরে তালাক দেন। পরে আবার বিয়ে করবেন বলে ওই নারীকে ৬ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর কাসেমী তার হেফাজতে রেখে লাগাতার ধর্ষণ করেন এবং পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান।
পুলিশ জানায়, কাসেমী নয় বিয়ে করেছেন। বর্তমানে আছেন চার বউ।
পতাকানিউজ/এএ/আরবি

