স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. হারুন-অর-রশিদের ফ্ল্যাট-জমি ক্রোক, গাড়ি জব্দ এবং পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতেই আদালত এই নির্দেশ জারি করেছে।
দুদকের আবেদনের তথ্য অনুযায়ী, হারুন-অর-রশিদের কল্যানপুরে দুইটি ফ্ল্যাট এবং নারায়ণগঞ্জ ও বরিশালের বিভিন্ন স্থানে জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে, যার মোট মূল্য ৩ কোটি ৮২ লাখ ৬৭ হাজার ৪৫৮ টাকা। এছাড়া তার ৫৬ লাখ ৬২ হাজার টাকার একটি গাড়ি জব্দ এবং পাঁচটি ব্যাংক হিসাবের ৭০ লাখ ১০ হাজার ৩৫ টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
দুদক জানিয়েছে, তারা অনুসন্ধান করে জানতে পেরেছে, হারুন-অর-রশিদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৫ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার ৮৬ টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখেছেন। পাশাপাশি তিনি নিজস্ব ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে থাকা ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৯ কোটি ৭৪ লাখ ১৬ হাজার ৪২৬ টাকা জমা ও ২৭ কোটি ৯৫ লাখ ৯৫ হাজার ৩১৩ টাকা উত্তোলন করে মোট ৫৭ কোটি ৭০ লাখ ১১ হাজার ৭৩৯ টাকার সন্দেহজনক লেনদেনে জড়িত ছিলেন। অনুসন্ধানের পর দুদক ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
তদন্তে দেখা গেছে, হারুন-অর-রশিদ তার অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র বিক্রয়, হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করছেন। যদি এই সম্পদ হস্তান্তরিত বা স্থানান্তরিত হয়, তবে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে এবং মামলার তদন্তে ব্যাঘাত সৃষ্টি হবে। এজন্য তার স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের নির্দেশ দেওয়া অপরিহার্য।
পতাকানিউজ/এনটি

